নাগোয়ার প্রতিকূল আবহাওয়া ও মাঠের পানি নিষ্কাশন নিয়ে শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত মাঠে গড়িয়েছে এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনাল। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর শুরু হওয়া ম্যাচটি কমিয়ে আনা হয় ১৩ ওভারে। টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ ৭ উইকেটে ১১১ রান সংগ্রহ করেছে। ফলে পাকিস্তানের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়িয়েছে ১১২ রান।
জাপানের তীব্র রোদ উপেক্ষা করে শেডহীন গ্যালারিতে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রবাসী সমর্থকরা। জার্সি ও ছোট পতাকা হাতে তারা ‘বাংলাদেশ, বাংলাদেশ’ স্লোগানে দলকে সমর্থন দেন।
তবে সংক্ষিপ্ত ম্যাচেও বাংলাদেশের ব্যাটিং শুরুটা ছিল হতাশাজনক। চার ওভারের পাওয়ার প্লেতে মাত্র ২৩ রান তুলতেই ৩ উইকেট হারায় দল। বৃষ্টির কারণে চার দিনের বেশি সময় উইকেট কাভারের নিচে থাকায় পাকিস্তান বেশিরভাগ ওভারই স্পিন দিয়ে করিয়েছে। সাইম আইয়ুব ২ ওভারে মাত্র ৩ রান দিয়ে একটি উইকেট নিয়ে বাংলাদেশকে চাপে রাখেন।
অধিনায়ক লিটন দাসও ব্যর্থ হন। মাত্র ৩ বলে ২ রান করে রিভার্স সুইপ খেলতে গিয়ে বোল্ড হয়ে ফেরেন তিনি।
৬.৩ ওভারে ৪৫ রানে ৪ উইকেট হারানোর পর বাংলাদেশকে লড়াইয়ে ফেরান তাওহীদ হৃদয় ও মোসাদ্দেক সৈকত। দুজনের জুটি থেকে আসে ৪৩ রান। হৃদয় ২৫ বলে ৪২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তবে দুজনই মাত্র দুই রানের ব্যবধানে আউট হয়ে যাওয়ায় শেষ দিকে বড় সংগ্রহ গড়ার সুযোগ নষ্ট হয়।
হৃদয়, সাইফ হাসান ও মোসাদ্দেক সৈকত ছাড়া বাংলাদেশের আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। পাকিস্তানের সুফিয়ান মুকিম ৩ ওভারে ২৬ রান দিয়ে নেন ৩ উইকেট।
বাংলাদেশকে আরও কম রানে আটকে রাখার সুযোগ থাকলেও পাকিস্তানের বোলাররা ১৫টি ওয়াইড দেন। টানা বৃষ্টির কারণে ধীরগতির আউটফিল্ডও ব্যাটারদের রান তোলায় প্রভাব ফেলেছে।
এখন ১১২ রানের লক্ষ্য তাড়া করে পাকিস্তান জিততে পারলে বাংলাদেশকে পদকের জন্য আরও একটি ম্যাচ খেলতে হবে। আর বাংলাদেশ জয় পেলে অন্তত রৌপ্য পদক নিশ্চিত হবে।

মন্তব্য করুন