সৌদি আরবের মদিনা থেকে ঢাকায় ফেরার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চার সংসদ সদস্যকে হয়রানি এবং যথাসময়ে লাগেজ বুঝিয়ে না দেওয়ার অভিযোগে দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ, অতিরিক্ত দায়িত্ব) মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। সাময়িক বরখাস্ত দুই কর্মকর্তা হলেন বিমানের ব্যাগেজ ইনচার্জ মনিরুল ইসলাম প্রধান ও ফ্লাইট সুপারভাইজার সাদ্দাম হোসেন।
মহিউদ্দিন আহমেদ জানান, বিমানের একটি ফ্লাইটের ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্বের ঘটনায় সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে কন্টেইনার অফলোডিং ও পরিচালনাগত গাফিলতির কারণে ব্যাগেজ বেল্টে সময়মতো জমজমের পানি পৌঁছাতে দেরি হওয়ার বিষয়টি উঠে এসেছে। তিনি বলেন, দায়িত্বে অবহেলার অভিযোগে ব্যাগেজ ইনচার্জ মনিরুল ইসলাম প্রধান ও ফ্লাইট সুপারভাইজার সাদ্দাম হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। সেবার মান ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে মন্ত্রীর নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিষয়টি জানার পর ওমরাহ পালন শেষে দেশে ফেরা যাত্রীদের ভোগান্তি কমাতে বিমানের নিজস্ব সংরক্ষিত মজুত থেকে দ্রুত জমজমের পানি বিতরণের ব্যবস্থা করা হয়। পরে অন্য কন্টেইনারটি শনাক্ত করে সেখান থেকেও পানি সরবরাহ নিশ্চিত করা হয়। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরবচ্ছিন্ন ও মানসম্মত সেবা নিশ্চিত করতে তারা অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে অভ্যন্তরীণ তদারকি আরও জোরদার করা হয়েছে।

মন্তব্য করুন