বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। নিয়মিত অধিনায়ক সোফি মলিনেক্স ও পেসার লুসি হ্যামিল্টনকে ওয়ানডে সিরিজে পাওয়া যাচ্ছে না। তাদের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেবেন তালিয়া ম্যাকগ্রা।

৯ থেকে ১৪ অক্টোবর ব্রিসবেনে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ১৮ থেকে ২২ অক্টোবর সিডনিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।

পিঠের চোটের কারণে দুই সিরিজেই থাকছেন না অস্ট্রেলিয়ার পেসার ডারসি ব্রাউন। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা গ্রেস হ্যারিসও দলে জায়গা পাননি। অন্যদিকে অনুশীলনে ঊরুর পেশিতে চোট পাওয়ায় হ্যামিল্টন শুধু টি-টোয়েন্টি সিরিজের জন্য বিবেচিত হয়েছেন।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার স্কোয়াডে বর্তমানে ১২ জন খেলোয়াড় রয়েছেন। নারী জাতীয় ক্রিকেট দলের নির্বাচক শন ফ্লেগলার জানিয়েছেন, নারী জাতীয় ক্রিকেট লিগের পরবর্তী রাউন্ডের ম্যাচ শেষে প্রয়োজনে আরও একজন খেলোয়াড় দলে যোগ করা হতে পারে।

অস্ট্রেলিয়ার স্কোয়াড : নিকোলা ক্যারি, অ্যাশলে গার্ডনার, কিম গার্থ, লুসি হ্যামিল্টন (শুধু টি-টোয়েন্টি), অ্যালানা কিং, ফোবে লিচফিল্ড, তালিয়া ম্যাকগ্রা, সোফি মলিনেক্স (অধিনায়ক), বেথ মুনি, এলিসে পেরি, মেগা শুট, আনাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ভল ও জর্জিয়া ওয়ারহ্যাম।