ইয়েমেনে চলমান সংঘাত ও সহিংসতায় দুই লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। পশ্চিম উপকূলের বিভিন্ন জেলা থেকে পালিয়ে এসব মানুষ তায়েজ ও এডেন গভর্নরেটের মধ্যবর্তী এলাকায় গড়ে ওঠা অস্থায়ী শিবিরগুলোতে আশ্রয় নিয়েছেন।

মানবিক সহায়তা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, সংঘাতের কারণে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ইতোমধ্যে দুই লাখে পৌঁছেছে। তবে আশ্রয় নেওয়া এসব মানুষের জন্য শিবিরগুলোতে পর্যাপ্ত আবাসন, খাবার ও অন্যান্য মৌলিক প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থা নেই।

অনেক তাঁবুই বসবাসের অনুপযোগী। শিশু ও বয়স্কসহ হাজারো মানুষ সেখানে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন।

পশ্চিম উপকূলের বিভিন্ন এলাকা থেকে পালিয়ে আসা অনেক শিশু ২০ দিনেরও বেশি সময় ধরে এসব শিবিরে অবস্থান করছে। খাবারের তীব্র সংকটের কারণে তারা আশপাশের উপত্যকা থেকে শস্য ও বিভিন্ন উদ্ভিদ সংগ্রহ করে আগুনে রান্না করে খেতে বাধ্য হচ্ছে।

শিবিরে অবস্থান করেও স্বস্তি নেই তাদের। কথা বলার সময়ও কাছের পাহাড়ের আড়াল থেকে গোলাগুলি ও সংঘর্ষের শব্দ শোনা যাচ্ছে। ফলে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে এলেও নিরাপত্তাহীনতা থেকে মুক্তি পাচ্ছেন না বাস্তুচ্যুত মানুষ।

সংঘাতের ভয়াবহতায় অনেক পরিবার একবার নয়, দুই, তিন এমনকি চারবার পর্যন্ত ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। সংঘর্ষ তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে নতুন করে বাস্তুচ্যুত মানুষের সংখ্যাও বাড়ছে।