মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর কয়েক মাস ধরে চিকিৎসাধীন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অস্ত্রোপচারের পর বর্তমানে কেমো থেরাপির চতুর্থ মাস চলছে তার। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আবারও অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে দীর্ঘদিন পর ফেসবুক লাইভে এসে নিজের শারীরিক অবস্থার কথা জানান তানিয়া। ভক্তদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন অনেকটাই ভালো আছেন। বর্তমানে ছয় মাসের কেমো থেরাপির চতুর্থ মাস চলছে। তানিয়া জানান, কেমো থেরাপির আরও দুই মাস বাকি। এরপর কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করা হবে। সেই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী চিকিৎসা কী হবে, তা চিকিৎসকেরা জানাবেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে অসুস্থ হয়ে পড়েন তানিয়া। পরে তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। ফেব্রুয়ারিতেই অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়। পরবর্তী চিকিৎসার জন্য ৯ মার্চ ভারতের চেন্নাইয়ে যান তিনি। সেখানেও একটি অস্ত্রোপচার করা হয়। চিকিৎসা শেষে এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে ফেরেন অভিনেত্রী।
এরপর থেকে বিশ্রাম ও চিকিৎসার মধ্যেই ছিলেন তানিয়া। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ও পোস্ট দেখে ভক্তদের মধ্যে তার শারীরিক অবস্থার উন্নতি নিয়ে আশাবাদ তৈরি হয়। ফেসবুক লাইভে এসে তানিয়াও জানালেন, বর্তমানে আগের চেয়ে ভালো আছেন। বর্তমানে পরিবারের সঙ্গে ঢাকার কাছাকাছি একটি রিসোর্টে সময় কাটাচ্ছেন তিনি। গ্রামীণ পরিবেশে কিছুটা সময় কাটিয়ে মনকে শান্ত রাখার চেষ্টা করছেন বলে জানান তানিয়া।
দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকলেও আবার কাজে ফেরার ইচ্ছা রয়েছে তার। প্রায় নয় মাস শুটিং করেননি। তবে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চলতি মাস থেকেই নাটকে ফেরার পরিকল্পনা করছেন। অভিনয়ে ফেরার বিষয়ে কথাবার্তাও চলছে বলে জানান তানিয়া। ভক্তদের আগ্রহ থাকলে দ্রুতই কাজে ফেরার চেষ্টা করবেন বলেও জানিয়েছেন তিনি।

মন্তব্য করুন