ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ আজ রোববার (৪ অক্টোবর)। এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর ছেলে ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর মধ্যে। নির্বাচনে মোট ১২ জন প্রেসিডেন্ট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাম্প্রতিক জনমত জরিপে লুলা সামান্য এগিয়ে থাকলেও দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর ব্যবধান খুবই কম। ফলে প্রথম দফায় কোনো প্রার্থী মোট বৈধ ভোটের ৫০ শতাংশের বেশি না পেলে আগামী ২৫ অক্টোবর শীর্ষ দুই প্রার্থীকে নিয়ে দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে।
এবারের নির্বাচন লুলার চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার প্রচেষ্টার পাশাপাশি বলসোনারো পরিবারের ব্রাজিলের রাজনীতিতে ফেরার লড়াই হিসেবেও দেখা হচ্ছে। নির্বাচনী প্রচারে অপরাধ, জীবনযাত্রার ব্যয়, অর্থনীতি এবং রাজনৈতিক মেরুকরণ গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।
ব্রাজিলের সুপিরিয়র ইলেক্টোরাল কোর্ট জানিয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি আজ গভর্নর, সিনেটের ৫৪টি আসন, প্রতিনিধি পরিষদের ৫১৩টি আসন এবং বিভিন্ন রাজ্য ও ফেডারেল ডিস্ট্রিক্টের আইনসভা নির্বাচনেও ভোট হবে।
শনিবার প্রকাশিত রয়টার্সের একটি জরিপে দেখা গেছে, প্রথম দফায় লুলা ৪৩ দশমিক ১ শতাংশ এবং ফ্লাভিও বলসোনারো ৩৮ শতাংশ ভোট পেতে পারেন। সম্ভাব্য বৈধ ভোটের হিসাবে লুলার সমর্থন ৪৭ দশমিক ৮ শতাংশ এবং বলসোনারোর ৪২ দশমিক ১ শতাংশ।
সম্ভাব্য দ্বিতীয় দফার ভোটেও লুলা এগিয়ে থাকতে পারেন বলে জরিপে আভাস দেওয়া হয়েছে। সেখানে লুলা ৪৭ দশমিক ৩ শতাংশ এবং ফ্লাভিও বলসোনারো ৪৩ দশমিক ১ শতাংশ ভোট পেতে পারেন।
গত ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ২ হাজার ৭ জন ভোটারের ওপর জরিপটি পরিচালনা করা হয়। এতে ভুলের সম্ভাব্য মাত্রা ধরা হয়েছে ২ দশমিক ২ শতাংশ।



মন্তব্য করুন