দেশের প্রত্যেক নাগরিককে একটি ডিজিটাল পরিচয় ও ডিজিটাল ওয়ালেটের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। এ ব্যবস্থার মাধ্যমে সরকারি সেবা আরও সহজ, দ্রুত ও নিরাপদ করার লক্ষ্য নেওয়া হয়েছে।

রোববার রাজধানীর পান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এর একটি সংলাপে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ এ পরিকল্পনার কথা জানান।

তিনি বলেন, পুরো ব্যবস্থার ভিত্তি হবে পাঁচটি নীতি, সরলতা, গোপনীয়তা, নিরাপত্তা, অন্তর্ভুক্তি ও আন্তঃসংযোগ।

উপদেষ্টা বলেন, একজন নাগরিককে একই সেবা পেতে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে আলাদাভাবে যেতে হবে না। সমন্বিত ডিজিটাল অবকাঠামোর মাধ্যমে বিভিন্ন সরকারি সেবা একে অপরের সঙ্গে যুক্ত করা হবে।

জাতীয় ডিজিটাল কৌশলের অন্যতম ভিত্তি হিসেবে ডিজিটাল পরিচয় ব্যবস্থাকে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।

তবে দেশব্যাপী চালুর আগে সীমিত পরিসরে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু করা হবে। এর মাধ্যমে সম্ভাব্য ত্রুটি ও ঝুঁকি শনাক্ত করে প্রয়োজনীয় সংশোধন করা হবে।