ইয়েমেনের উপকূলে লোহিত সাগরে একটি তেলবাহী ট্যাংকারের কাছাকাছি একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে জাহাজটির কোনো নাবিক হতাহত হননি। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

রোববার (৪ অক্টোবর) ইয়েমেনের বন্দরনগরী মোকা থেকে প্রায় ৬০ নটিক্যাল মাইল দক্ষিণে এ ঘটনা ঘটে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস এক সতর্কবার্তায় বিষয়টি জানিয়েছে।

সংস্থাটি জানায়, ট্যাংকারটির নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা জাহাজের খুব কাছাকাছি একাধিক বিস্ফোরণ হতে দেখেছেন। তবে বিস্ফোরণের উৎস বা কারণ তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। নিরাপত্তাজনিত কারণে ট্যাংকারটির নামও প্রকাশ করা হয়নি।

ইউকেএমটিও জানিয়েছে, জাহাজটির সব নাবিক নিরাপদে রয়েছেন এবং বিস্ফোরণের ঘটনায় পরিবেশের কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি। দক্ষিণ লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে এবং সন্দেহজনক কোনো তৎপরতা দেখলে কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।

এদিকে ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকার, দেশটির সশস্ত্র বাহিনী ও জনগণকে সামরিক সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সৌদি নেতৃত্বাধীন আরব জোট।

জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালিকি এক বিবৃতিতে ইরান-সমর্থিত হুথিদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ করেন। তাঁর দাবি, হুথিদের কর্মকাণ্ড দক্ষিণ লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তার জন্য বড় হুমকি তৈরি করছে।

তিনি আরও বলেন, হুথিদের কার্যক্রম শুধু আঞ্চলিক নিরাপত্তাকেই ঝুঁকিতে ফেলছে না, বরং আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক অর্থনীতিতেও প্রভাব ফেলছে। ইয়েমেনে রাষ্ট্রীয় কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা এবং সমুদ্রপথে নিরাপদ চলাচল নিশ্চিত না হওয়া পর্যন্ত জোটের অভিযান ও সহযোগিতা অব্যাহত থাকবে।

২০১৪ সালে হুথিরা রাজধানী সানা ও কয়েকটি অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে। ২০১৫ সালের মার্চ থেকে সৌদি নেতৃত্বাধীন জোট দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সামরিক সহায়তা দিয়ে আসছে। সাম্প্রতিক সময়ে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে সংঘর্ষ আবারও বেড়েছে।