আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীমান্তসংলগ্ন এলাকার নিরাপত্তা জোরদারে বিশেষ পদক্ষেপ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের ৮ কিলোমিটারের ভেতরের অঞ্চল এবং বিজিবি ব্যাটালিয়ন সদরের আশপাশের মোট ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপের সুরক্ষায় আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত প্রায় ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবে।
বিজিবির পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, পূজা ঘিরে সুসংহত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর আওতায় নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে নিরবচ্ছিন্ন সমন্বয় রাখা হবে। দুর্গম ও দূরবর্তী এলাকায় দ্রুত নিরাপত্তা সহায়তা নিশ্চিতে প্রয়োজনে অস্থায়ী ক্যাম্প স্থাপনেরও উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া ঢাকায় বিজিবি মোতায়েনের বিষয়ে জানানো হয়, সরকারি নির্দেশনা ও চাহিদার ভিত্তিতে দায়িত্ব নির্ধারণ করা হবে। জরুরি পরিস্থিতি মোকাবিলা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সঙ্গে সমন্বয় রেখে সার্বিক নিরাপত্তা সহযোগিতায় বিজিবি প্রস্তুত রয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা যেন উৎসবমুখর ও আনন্দময় পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যেই এই প্রস্তুতি।



মন্তব্য করুন