রাজধানীর টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধ ব্যক্তিরা হলেন মো. লালচান (৬০), তাঁর পরিবারের সদস্য মোছা. নাসিমা বেগম (৫০) ও মোছা. তানিসা আক্তার (১৬)। তাঁদের শরীরের ৮৫ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। বর্তমানে তাঁরা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁদের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার (২১ অক্টোবর) সকাল ৬টার দিকে টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকার একটি বাসায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দগ্ধ তিনজনকে উদ্ধার করে সকাল সাড়ে ৭টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের ভর্তি করা হয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, টঙ্গীর চেরাগ আলী এলাকা থেকে একই পরিবারের দুই নারী ও এক পুরুষকে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
তিনি জানান, মো. লালচানের শরীরের ৯৫ শতাংশ, নাসিমা বেগমের ৮৫ শতাংশ এবং তানিসা আক্তারের ৮৬ শতাংশ পুড়ে গেছে। তাঁদের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
গ্যাস লিকেজ থেকে কীভাবে বিস্ফোরণের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মন্তব্য করুন