শুক্রবার (৩০ অক্টোবর) দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে নিজের ‘অরা ইন্ডিয়া ট্যুর ২০২৬’-এর প্রথম কনসার্টে অংশ নেন দিলজিৎ। সেখানে দর্শকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘আমি একজন শিল্পী বলেই আপনাদের সবাইকে ভালোবাসি। আমি চুপ করে আছি, তাই আমাকে চুপ থাকতে দিন। আমি সবাইকে সমর্থন করি। কিন্তু পাঞ্জাবিদের কীভাবে লড়াই করতে হয়, তা শেখাবেন না।’
কয়েক মাস আগে ইনস্টাগ্রাম লাইভে এক ভক্তের প্রশ্নের জবাবে দিলজিৎ বলেছিলেন, ‘আমি একজন শিল্পী, রাজনীতিক নই।’ সে সময় দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছিল। ওই পরিস্থিতিতে তার এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। অনেকের মতে, জনপ্রিয় শিল্পী হিসেবে তার আরও স্পষ্ট অবস্থান নেওয়া উচিত ছিল।
এবারের কনসার্টে দেওয়া বক্তব্যে সরাসরি কারও নাম উল্লেখ না করলেও সমালোচকদের উদ্দেশেই তিনি জবাব দিয়েছেন বলে মনে করছেন অনেকে।
সংগীতের পাশাপাশি অভিনয়েও নিজের অবস্থান তৈরি করেছেন দিলজিৎ। পাঞ্জাবি সিনেমার গণ্ডি পেরিয়ে বলিউডেও কাজ করেছেন তিনি। তার ‘অরা ইন্ডিয়া ট্যুর ২০২৬’ ঘিরে ভক্তদের আগ্রহও বাড়ছে।

মন্তব্য করুন