জন্মদিনের জমকালো আয়োজন, নতুন সিনেমার ঘোষণা, আলোচনায় রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনি। এবার দেশের বাইরে মালয়েশিয়ার বিলাসবহুল হোটেলে তোলা কয়েকটি ছবি প্রকাশ করে অনুসারীদের নজর কাড়লেন তিনি। তবে ছবিতে অভিনেত্রীর হাতে থাকা একটি বোতল নিয়েই বেশি কৌতূহল তৈরি হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) নিজের ফেসবুক পেজে ছবিগুলো প্রকাশ করেন পরীমনি। জানা গেছে, কুয়ালালামপুরের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ছবিগুলো তোলা হয়েছে।

ছবিতে জানালার পাশে বসে থাকতে দেখা যায় অভিনেত্রীকে। তার পরনে সোনালি ও হালকা বেইজ রঙের ফুলের নকশা করা জমকালো গাউন। পোশাকের সঙ্গে মিলিয়ে হাতে রয়েছে একটি বোতল। ছবির ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘ম্যাচিং ম্যাচিং’।

তবে বোতলটি কীসের, তা স্পষ্ট করেননি অভিনেত্রী। ছবিগুলো দেখে কেউ কেউ ধারণা করছেন, এটি শ্যাম্পেন কিংবা স্পার্কলিং ওয়াইনের বোতল হতে পারে। বিষয়টি নিশ্চিত না হলেও বোতলটি নিয়ে অনুসারীদের মধ্যে চলছে নানা প্রশ্ন ও মজার মন্তব্য।

ছবি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পান পরীমনি। কেউ তার সাজের প্রশংসা করছেন, কেউ তুলনা করছেন রানির সঙ্গে। আবার অনেকে জানতে চাইছেন, অভিনেত্রীর হাতে থাকা বোতলটি আসলে কীসের।

এদিকে কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন পরীমনি। সম্প্রতি গিয়াসউদ্দিন সেলিমের ওয়েব সিনেমা ‘সেপারেশন’-এর শুটিং করেছেন তিনি। পাশাপাশি জন্মদিনে ঘোষণা দিয়েছেন তারেক রহমান পরিচালিত নতুন সিনেমা ‘ফারজানা’র। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, ছবিটির শুটিংও অনেকটা এগিয়েছে।