চুক্তিভঙ্গের অভিযোগে অভিনেতা শরিফুল রাজকে আইনি নোটিশ পাঠিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন। আগামী বছরের ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা নিয়ে নির্মিতব্য ‘ঠিকানা’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েও একই ঈদে অন্য সিনেমায় যুক্ত হওয়ার অভিযোগ তুলেছে প্রতিষ্ঠানটি।

গত ২৮ অক্টোবর প্রতিষ্ঠানটির পক্ষে ব্যারিস্টার সজিব মাহমুদ আলম এই নোটিশ পাঠান। প্রযোজনা প্রতিষ্ঠানটির দাবি, ‘ঠিকানা’ সিনেমার জন্য রাজ অগ্রিম অর্থ নিয়েছেন। চুক্তির শর্ত অনুযায়ী, ঈদুল আজহায় মুক্তি পেতে পারে—এমন অন্য কোনো সিনেমায় তার যুক্ত হওয়ার কথা ছিল না।

কিন্তু পরে তানিম নূরের ‘কানাভুলা প্যারাডক্স’সহ ঈদে মুক্তির পরিকল্পনা থাকা আরও একটি সিনেমায় যুক্ত হয়েছেন রাজ। এতে প্রযোজনা প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির আশঙ্কা করছে।

প্রতিষ্ঠানটির কর্ণধার শাহরীন আক্তার সুমি জানান, রাজকে চুক্তির সময় এক-চতুর্থাংশ সাইনিং মানি দেওয়া হয়েছিল। ‘ঠিকানা’ সিনেমার গল্পও তাকে মাথায় রেখেই তৈরি করা হয়েছে। ইতোমধ্যে সিনেমাটির পেছনে প্রায় ৪০ লাখ টাকা খরচ হয়েছে। কিন্তু অভিনেতা এখনো শুটিংয়ের শিডিউল দিচ্ছেন না।

সুমি আরও জানান, এর আগে গত ২ সেপ্টেম্বর রাজকে নোটিশ পাঠানো হয়েছিল। তখন অভিনেতা ও তার ম্যানেজার সমঝোতার আশ্বাস দিলেও নির্ধারিত সময়ের মধ্যে শুটিংয়ের শিডিউল দেননি। এবারও শিডিউল নিশ্চিত না করলে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে শরিফুল রাজের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।