বিএনপির কিছু নেতাকর্মী অর্থের বিনিময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। এ ধরনের কর্মকাণ্ডে দলের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহজানপুরে ঢাকা-৮ সংসদীয় এলাকার পাঁচ থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগের কয়েকজন নেতা ভারত থেকে দেশে ফিরে বিভিন্ন এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করছেন বলে তাঁরা খবর পাচ্ছেন। বিএনপির কিছু লোভী ব্যক্তি টাকার বিনিময়ে তাঁদের আশ্রয় দিচ্ছেন। দলের কেউ এমন কাজে সহযোগিতা করলে বিষয়টি জানাতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

আওয়ামী লীগের সঙ্গে আঁতাতকারীদের সতর্ক করে তিনি বলেন, রাজনৈতিক শক্তি না পেয়ে একটি পক্ষ আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে বিভিন্ন এলাকায় মিছিল-মিটিং করার চেষ্টা করছে। দেশে বিশৃঙ্খলা সৃষ্টির এমন প্রচেষ্টা বরদাশত করা হবে না।

তবে গণতান্ত্রিক আন্দোলন ও রাজনীতি করার অধিকার সবার রয়েছে বলে মন্তব্য করেন মির্জা আব্বাস। কিন্তু কেউ অপকর্মে জড়ালে বিএনপির নেতাকর্মীরা তা প্রতিহত করবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি।

দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি এখনো পুরোপুরি মাঠে নামেনি। বৃষ্টি উপেক্ষা করে ছোট পরিসরের সভায় মানুষের উপস্থিতি ও সাড়া থেকেই ঢাকায় দলটির সাংগঠনিক শক্তির ধারণা পাওয়া যায়।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন। এ ছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।