যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) শুক্রবার জানিয়েছে, ২৯ অক্টোবর পর্যন্ত দেশটিতে হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪,৮৫২ জনে, যা আগের হিসাবের চেয়ে ২৬৪ জন বেশি।
সিডিসির তথ্য অনুযায়ী, এ বছর সারা দেশে হামের কারণে হাসপাতালে ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫১১ জনে, যা মোট আক্রান্তের ১১ শতাংশ। আক্রান্তদের মধ্যে ৫ থেকে ১৯ বছর বয়সী মানুষের সংখ্যা ২,০১০ জন; ২০ বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের সংখ্যা ১,৯৯৬ জন এবং ৫ বছরের কম বয়সী শিশুর সংখ্যা ৮১২ জন।
আক্রান্তদের সিংহভাগই এমন ব্যক্তি, যারা টিকা নেননি অথবা যাদের টিকাদানের অবস্থা অজানা। মোট আক্রান্তের ৯৬ শতাংশই এই শ্রেণির অন্তর্ভুক্ত—যা আগের হিসাবের (৯৩ শতাংশ) তুলনায় বেশি।
দেশজুড়ে হামের প্রকোপ বৃদ্ধির পেছনে পেনসিলভানিয়া অঙ্গরাজ্য একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে; সেখানে কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ৩০ অক্টোবর পর্যন্ত পেনসিলভানিয়া স্বাস্থ্য বিভাগ ১,৪২৬ জন আক্রান্ত এবং ২৬৮ জন হাসপাতালে ভর্তির তথ্য জানিয়েছে—যা বুধবারের (দুই দিন আগের) ১,৩৯৮ জন আক্রান্ত ও ২৬৫ জন হাসপাতালে ভর্তির সংখ্যার চেয়ে বেশি।
এর আগে ২২ অক্টোবরের সিডিসির তথ্যে দেখা গিয়েছিল, সে সময় সারা দেশের ৪,৫৮৮ জন আক্রান্তের মধ্যে ১,৩২৭ জনই ছিলেন পেনসিলভানিয়ার।
এই প্রাদুর্ভাবের ফলে হামজনিত মৃত্যুর বিষয়টিও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগ এ পর্যন্ত হামের কারণে পাঁচজনের মৃত্যুর কথা জানিয়েছে। তবে সিডিসি সারা দেশে হামের কারণে কেবল তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এবং তারা কোথায় মারা গেছেন, সে বিষয়ে কিছু জানায়নি।
অঙ্গরাজ্যটিতে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায়, সিডিসি আগেই ঘোষণা দিয়েছিল যে তারা পেনসিলভানিয়ায় অতিরিক্ত সহায়তা পাঠাবে, যাতে স্থানীয় কর্মকর্তারা প্রাদুর্ভাবের কারণ অনুসন্ধান ও তা নিয়ন্ত্রণে কাজ করতে পারেন।

মন্তব্য করুন