বলিউড সুপারস্টার শাহরুখ খানের ৬১তম জন্মদিনে প্রকাশ পেয়েছে তার নতুন সিনেমা ‘কিং’-এর প্রথম গান। ‘তু মিল জায়ে’ শিরোনামের গানটিতে শাহরুখ খানের সঙ্গে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। গানটির অন্যতম আকর্ষণ ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান, অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচীর যৌথ পরিবেশনা।
সোমবার (২ নভেম্বর) রাত ১২টায় সামাজিক মাধ্যমে গানটি প্রকাশ করেন শাহরুখ। রোমান্টিক মুহূর্তের পাশাপাশি গানটিতে রয়েছে অ্যাকশন দৃশ্য। শত্রুদের সঙ্গে লড়াই ও গোলাগুলিতে অংশ নিতে দেখা যায় শাহরুখকে। শেষ দিকে তার সংলাপ, ‘আর এবার হৃদয়ে আগুন লেগেছে, তাই পৃথিবী না পুড়িয়ে সে থামবে না।’
গানটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। শাহরুখ ও দীপিকার রসায়নের প্রশংসা করেছেন অনেকে। আবার কারও মতে, গানটির দৃশ্যায়নে শাহরুখের আগের সিনেমা ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর প্রভাব রয়েছে।
তবে এড শিরান, অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচীর একসঙ্গে গান করায় বিশেষ আগ্রহ তৈরি হয়েছে শ্রোতাদের মধ্যে। অরিজিৎ সিং মুর্শিদাবাদের বাঙালি শিল্পী। অন্যদিকে পশ্চিমবঙ্গের বালুরঘাটের মেয়ে মধুবন্তী বাগচীও পরিচিত কণ্ঠশিল্পী। তিনি বাংলাদেশের কোক স্টুডিও বাংলাতেও গান করেছেন।
সামাজিক মাধ্যমে শাহরুখ গানটি নিয়ে লিখেছেন, ‘ভালোবাসার এই সময় শুধু ভাগ্যবানদের জন্য। যেখানে বারুদের গন্ধের মাঝেও গোলাপ ফোটে। ভালোবাসা আর অন্য সব লড়াই নিয়ে… এ ডিসেম্বরে।’
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় শাহরুখ ও দীপিকা ষষ্ঠবারের মতো একসঙ্গে অভিনয় করছেন। ছবিতে আরও রয়েছেন অভিষেক বচ্চন, সুহানা খান, রানি মুখার্জি, রাঘব জুয়াল, আরশাদ ওয়ারসি ও জয়দীপ আহলাওয়াত।
আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

মন্তব্য করুন