সাধারণত আখরোট কেনা হয় খাওয়ার জন্য। কিন্তু চীনে রয়েছে এমন এক ধরনের আখরোট, যা খাওয়ার জন্য নয়, বরং হাতের তালুতে ঘোরানোর জন্য ব্যবহার করা হয়। শতাব্দী প্রাচীন এই ঐতিহ্যবাহী শখের নাম ‘ওয়েনওয়ান’ আখরোট। বিশেষভাবে চাষ ও বাছাই করা এসব আখরোটের দামও বেশ চড়া। এমনকি এক জোড়া আখরোটের জন্য প্রস্তাব এসেছে ৪ লাখ ৫০ হাজার ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ লাখ টাকা।
ইতালির কনটেন্ট ক্রিয়েটর ক্যারোলিনা ডি কন্ডিওর আট বছর আগে চীনা এক ব্যক্তির সঙ্গে পরিচয়ের পর প্রথম এই অদ্ভুত শখের কথা জানতে পারেন। তার হবু স্বামী সব সময় হাতের তালুতে দুটি আখরোট ঘোরাতেন। প্রথমে তিনি এগুলো খাওয়ার জন্য ভাঙতে চাইলেও পরে জানতে পারেন, এগুলো মূলত সংগ্রহ ও শখের সামগ্রী।

দীর্ঘদিন হাতের তালুতে ঘোরানোর ফলে আখরোটের খোসা ধীরে ধীরে মসৃণ ও চকচকে হয়ে ওঠে। সময়ের সঙ্গে এগুলো মূল্যবান সংগ্রহে পরিণত হয়।

চীনের হ্যাবেই প্রদেশের ব্যবসায়ী ওয়াং হোংতুও জানান, ভালো ওয়েনওয়ান আখরোটের আকৃতি, খাঁজ ও গঠন হতে হয় প্রায় একই রকম। তার সংগ্রহে থাকা বিশেষ এক জোড়া আখরোট ২০২৬ সালের ১৬ অক্টোবর স্থানীয় প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জেতে। পরে এর জন্য ৪ লাখ ৫০ হাজার ইউয়ানের প্রস্তাব এলেও তিনি বিক্রি করতে রাজি হননি।

মিং ও ছিং রাজবংশের আমল থেকেই চীনে এই শখের প্রচলন রয়েছে। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে চীনের বাইরেও ছড়িয়ে পড়ছে এর জনপ্রিয়তা।

বিশেষজ্ঞদের মতে, ব্যস্ত জীবনে মানসিক প্রশান্তি ও অবসর কাটানোরও একটি মাধ্যম হতে পারে এই ঐতিহ্যবাহী শখ।