সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের শেয়ারবাজারে বড় ধরনের উত্থান দেখা গেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক বেড়েছে ৭১ পয়েন্ট। একই সঙ্গে বাজারটিতে লেনদেন ছাড়িয়েছে ৬৪৫ কোটি টাকা, যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ।

এদিন ডিএসই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। ফলে দুই বাজারেই মূল্যসূচকের উল্লেখযোগ্য উত্থান হয়েছে।

এর আগে সপ্তাহের প্রথম তিন কার্যদিবস টানা দরপতনের মুখে পড়ে শেয়ারবাজার। তবে বুধবার বড় উত্থানের পর বৃহস্পতিবারও সেই ইতিবাচক ধারা অব্যাহত থাকে।

দিন শেষে ডিএসইতে ২৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির।

দাম বাড়ার প্রভাবে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪১৩ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৩১ পয়েন্ট বেড়ে ২ হাজার ৬৮ পয়েন্টে এবং শরিয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৭ পয়েন্টে অবস্থান করছে।

বাজারটিতে মোট লেনদেন হয়েছে ৬৪৫ কোটি ৪৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৫২২ কোটি ২৮ লাখ টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানে লেনদেন বেড়েছে ১২৩ কোটি ১৫ লাখ টাকা।

লেনদেনে শীর্ষে ছিল শাহজিবাজার পাওয়ার। কোম্পানিটির ২৩ কোটি ৬২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা এনভয় টেক্সটাইলের লেনদেন হয়েছে ২৩ কোটি ৫৮ লাখ টাকা। আর ১৪ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নাহি অ্যালুমিনিয়াম।

অন্যদিকে সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৯২টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৪টির দাম বেড়েছে, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির। দিন শেষে সিএসইর সার্বিক সূচক বেড়েছে ১৩৮ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ১৯ কোটি ৫২ লাখ টাকা, আগের দিন যা ছিল ৪ কোটি ৩৯ লাখ টাকা।

টানা দরপতনের পর দুই বাজারেই এমন উত্থান এবং লেনদেন বৃদ্ধিকে ইতিবাচক হিসেবে দেখছেন বিনিয়োগকারীরা।