দীর্ঘ নয় বছরের বিরতি ভেঙে আবারও চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা। এমডি ইকবাল পরিচালিত মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘নসীব’-এর ‘রাজকুমারী’ শিরোনামের দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানটিতে তার সহশিল্পী কুমার বিশ্বজিৎ।

গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন কিশোর দাশ।

দীর্ঘ বিরতির কারণ জানিয়ে কনকচাঁপা বলেন, গত নয় বছরে চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়ার প্রস্তাব পেলেও কোনো গানই তাকে সেভাবে আকৃষ্ট করেনি। শিল্পী হিসেবে গানের প্রতি আবেগ থেকেই তখন কাজগুলো করা হয়নি।

২০১৮ সালের শুরুর দিকে ছটকু আহমেদ পরিচালিত ‘পাথরের মন’ সিনেমায় সর্বশেষ প্লেব্যাক করেছিলেন কনকচাঁপা। এরপর দীর্ঘ সময় চলচ্চিত্রের গানে পাওয়া যায়নি তাকে।

এবার তার প্রত্যাবর্তনের পেছনে বিশেষ ভূমিকা রেখেছেন গীতিকার কবির বকুল। এর আগেও কয়েকবার তাকে চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়ার অনুরোধ করেছিলেন তিনি। তবে প্রতিবারই ফিরিয়ে দেন কনকচাঁপা। এবার কবির বকুলের বিশেষ অনুরোধে ‘রাজকুমারী’ গানটিতে কণ্ঠ দিতে রাজি হন এই শিল্পী।