সকালে সাভার ও আশুলিয়ার বিভিন্ন শিল্প এলাকা ঘুরে দেখা যায়, নির্ধারিত সময়েই শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে প্রবেশ করছেন। কারখানার ভেতরে মেশিন চালু রয়েছে এবং উৎপাদন কার্যক্রম চলছে স্বাভাবিক গতিতে। দীর্ঘদিনের অস্থিরতা কাটিয়ে কর্মস্থলে ফিরতে পেরে শ্রমিকদের মধ্যেও কর্মচাঞ্চল্য দেখা গেছে।
তবে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্ট, সড়ক ও বিভিন্ন কারখানার সামনে অতিরিক্ত পুলিশ, বিজিবিসহ অন্যান্য বাহিনীর সদস্য মোতায়েন রাখা হয়েছে।
এদিকে অধিকাংশ কারখানায় উৎপাদন শুরু হলেও কয়েকটি প্রতিষ্ঠানে এখনো কাজ বন্ধ রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, মেডলার, দি রোজ, এন বয়, নিতেশিয়া ও এস২১সহ কয়েকটি কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। এসব প্রতিষ্ঠানের শ্রমিকদের কাজে ফেরাতে শ্রমিক প্রতিনিধি ও কারখানা কর্তৃপক্ষের মধ্যে আলোচনা চলছে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তরিকুল ইসলাম জানান, সামগ্রিকভাবে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। শ্রমিকরা সরকারের নির্দেশনা এবং পুলিশের সঙ্গে আলোচনার ভিত্তিতে শান্তিপূর্ণভাবে কাজে ফিরেছেন।
তিনি আরও জানান, শত শত কারখানার মধ্যে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানে কাজ বন্ধ থাকতে পারে। তবে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে। শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

মন্তব্য করুন