২০২৭ শিক্ষাবর্ষের সব পাঠ্যপুস্তক ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া। এতে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
বৈঠকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ করে প্রবিধানমালা তৈরির তাগিদ দেওয়া হয়। পাশাপাশি ১ম থেকে ১২তম শিক্ষক নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে দ্রুত নিয়োগের সুপারিশ করা হয়েছে।
এ ছাড়া বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অনিষ্পন্ন আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে কমিটি। হজযাত্রী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষকদের আবেদন অগ্রাধিকার দিয়ে অর্থ পরিশোধের ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বৈঠকে এনটিআরসিএর মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকসহ বিভিন্ন পদে চলমান নিয়োগ কার্যক্রম পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এসব পদের সব মৌখিক পরীক্ষা আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তে সংসদীয় স্থায়ী কমিটির নিজস্ব উদ্যোগে অনুসন্ধান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া কারিগরি শিক্ষার মানোন্নয়ন, নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো নিয়েও বৈঠকে আলোচনা হয়।

মন্তব্য করুন