পাকিস্তানের সামরিক সক্ষমতা বাড়াতে দেশটির এফ-১৬ যুদ্ধবিমান আধুনিকায়নে ৬৮ কোটি ৬০ লাখ ডলারের সহায়তা অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। তাদের আশঙ্কা, এ সহায়তার ফলে দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্যে পরিবর্তন আসতে পারে।
হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অনুমোদিত সহায়তা প্যাকেজের আওতায় পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমানের যোগাযোগ, দিকনির্ণয় এবং প্রতিরক্ষাব্যবস্থা আধুনিক করা হবে। তবে এতে সরাসরি কোনো পারমাণবিক অস্ত্র বা পারমাণবিক অস্ত্রসংশ্লিষ্ট সরঞ্জাম অন্তর্ভুক্ত নেই।

বিশ্লেষকদের আশঙ্কা, এই আধুনিকায়নের ফলে পাকিস্তানের যুদ্ধবিমানগুলোর কার্যক্ষমতা বাড়বে। বিশেষ করে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এফ-১৬ যুদ্ধবিমানের সক্ষমতা বৃদ্ধি ভারতের নিরাপত্তা উদ্বেগ আরও বাড়াতে পারে।

বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। গত মাসের শেষ দিকে ফিলিপাইনের সেবুতে আসিয়ান প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় পাকিস্তানের এফ-১৬ কর্মসূচিতে মার্কিন সহায়তা নিয়ে ভারতের আপত্তির কথা তুলে ধরেন।

ভারতের উদ্বেগের অন্যতম কারণ, যুক্তরাষ্ট্র একদিকে ইরানের পারমাণবিক কর্মসূচির বিরোধিতা করে দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিচ্ছে, অন্যদিকে পাকিস্তানের সামরিক সক্ষমতা বাড়াতে সহায়তা করছে।

বিশ্লেষকদের মতে, ওয়াশিংটনের এই সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা ও সামরিক ভারসাম্য নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করতে পারে।