সোমবার (৯ নভেম্বর) দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শেখ হাসিনা নিজে নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য কোনো আবেদন করেননি। ম্যাট্রিক্স চেম্বার্স নামের আইন সংস্থাটি ই-মেইলের মাধ্যমে তার নামে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়েছে।
তবে এই আবেদন শেখ হাসিনার পক্ষ থেকেই করা হয়েছে কি না, তা নিশ্চিত নয় বলে জানান সাইদুর রহমান। তার ভাষ্য, ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার অনুমোদন বা আইনজীবীদের এ ধরনের আবেদন করার ক্ষমতা সংক্রান্ত কোনো প্রমাণপত্র যুক্ত করা হয়নি। ফলে আবেদনটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, ই-মেইলটি পাওয়ার পরপরই বিষয়টি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছে দিল্লি হাইকমিশন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রও ই-মেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডি আবেদনের বিষয়ে সরকারের অবস্থান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র দেবে না।
একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার নির্ধারিত সাজা কার্যকর করতে চায় সরকার।

মন্তব্য করুন