পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারত থেকে ৬ কোটি ১৭ লাখ ডলারের পণ্য আমদানি করেছে দেশটি। গত বছরের একই সময়ের তুলনায় এ আমদানি বেড়েছে ৬৯ শতাংশ।
২০২৫ সালের এপ্রিলে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। ভারত পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তুললেও ইসলামাবাদ তা অস্বীকার করে। এরপর দুই দেশ বাণিজ্য ও যোগাযোগের ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে। মে মাসে চার দিনের সামরিক সংঘাতের পর ১০ মে যুদ্ধবিরতি হয়।
তবে নিষেধাজ্ঞার মধ্যেও ভারতীয় পণ্যের আমদানি পুরোপুরি বন্ধ হয়নি।
পাকিস্তানের সরকারি বাণিজ্য তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ভারত থেকে আমদানি করা পণ্যের ৯৬ দশমিক ২ শতাংশ ছিল জৈব রাসায়নিক ও ওষুধজাত পণ্য। বিশেষ করে টিকা, রক্তজাত পণ্য ও চিকিৎসাসামগ্রীর আমদানি উল্লেখযোগ্য হারে বেড়েছে।
পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা খাকান নাজিবের মতে, কম দাম, সহজলভ্যতা ও ভৌগোলিক নৈকট্যের কারণে ভারতীয় পণ্যের বিকল্প খুঁজে পাওয়া কঠিন।
পাকিস্তানের সাবেক বাণিজ্য কর্মকর্তা মুহাম্মদ জুবায়ের মতিওয়ালা জানান, দুবাই ও মালয়েশিয়াসহ তৃতীয় দেশের মাধ্যমে কিছু ভারতীয় পণ্য পাকিস্তানে প্রবেশ করছে। তার দাবি, বিকল্প উৎস থেকে ওষুধের কাঁচামাল আমদানি করলে ব্যয় ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
বিশেষজ্ঞদের মতে, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক ঘনিষ্ঠ হলে উভয় দেশই লাভবান হতে পারে। তবে রাজনৈতিক ও নিরাপত্তাগত উত্তেজনা বাণিজ্য স্বাভাবিক হওয়ার পথে বড় বাধা হয়ে রয়েছে।

মন্তব্য করুন