আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও বাজারদর সহনীয় করতে ১০টি পণ্য আমদানিতে সর্বোচ্চ ৯০ দিনের বাকিতে ঋণসুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট (এফইপিডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোতে পাঠিয়েছে।

সার্কুলার অনুযায়ী, চাল, গম (আটা), পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল (সয়াবিন ও পাম), চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর আমদানিতে এ সুবিধা পাওয়া যাবে। এসব পণ্যের বাণিজ্যিক আমদানির ক্ষেত্রে আমদানিকারকেরা সর্বোচ্চ তিন মাস বা ৯০ দিনের বাকিতে ঋণসুবিধা নিতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এফইপিডি-১) নাসিমা সুলতানার স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১৫ মার্চ ২০২৭ পর্যন্ত এ সুবিধা কার্যকর থাকবে। তবে এ বিষয়ে আগে জারি করা অন্যান্য প্রাসঙ্গিক নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ব্যাংকগুলোকে তাদের সংশ্লিষ্ট গ্রাহকদের দ্রুত এ বিষয়ে অবহিত করতে হবে।

সংশ্লিষ্টদের মতে, রমজান মাসে চাল, ডাল, তেল, চিনি, ছোলা ও খেজুরসহ বিভিন্ন নিত্যপণ্যের চাহিদা বেড়ে যায়। এ সময় আমদানিতে অর্থায়নের সুবিধা থাকলে ব্যবসায়ীরা সহজে পণ্য আমদানি করতে পারবেন। এতে বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য মূল্যবৃদ্ধির চাপ কমাতে সহায়তা মিলতে পারে।

বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের ফলে আমদানিকারকেরা তাৎক্ষণিক অর্থ পরিশোধের চাপ ছাড়াই প্রয়োজনীয় পণ্য আমদানির সুযোগ পাবেন।