দেশের অর্থনীতিতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ইতিবাচক প্রভাব আগামী দিনগুলোতে দৃশ্যমান হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি আশা প্রকাশ করেছেন, চলতি অর্থবছরে জিডিপি ও রাজস্ব আয়ে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জিত হবে। প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ প্রান্তিকে অর্থনীতির বিভিন্ন সূচকে আরও গতি আসবে বলেও প্রত্যাশা তাঁর।

বুধবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। হিসাব-নিকাশ ও পরিকল্পনার ভিত্তিতেই প্রতিটি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, কাস্টমস ও সামগ্রিক প্রবৃদ্ধির ধারা ভালো রয়েছে। প্রথম প্রান্তিকের তুলনায় পরবর্তী প্রান্তিকগুলোতে রাজস্ব আয় আরও বাড়বে বলে আশা করছে সরকার।

সরকারের প্রতিটি ব্যয়ের যথাযথ মূল্যায়ন ও অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে কঠোর নজরদারি রয়েছে বলেও জানান অর্থমন্ত্রী।