ইতালির প্রায় ৬ হাজার ৩০০টি স্কুলে একযোগে বোমা হামলার হুমকি দিয়ে ইমেইল পাঠানো হয়েছে। একই ধরনের হুমকি পেয়েছে স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। এ ঘটনায় ইউরোপজুড়ে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, স্কুলগুলোতে তাৎক্ষণিক কোনো বাস্তব হামলার ঝুঁকি নেই। তবে বিষয়টি পর্যালোচনায় জরুরি বৈঠক ডেকেছেন তিনি।

হুমকির ইমেইলে প্রধানমন্ত্রী মেলোনিকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। প্রেরক হিসেবে ‘মিখাইল আন্দ্রোপভ’ নাম ব্যবহার করা হয়েছে। ইতালির শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এটি পরিকল্পিতভাবে আতঙ্ক ছড়ানোর প্রচেষ্টা হতে পারে। জড়িতদের শনাক্তে গোয়েন্দারা কাজ করছেন।

এদিকে স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের পুলিশও ইমেইলগুলোকে ভুয়া বলে ধারণা করছে। বার্তার উৎস শনাক্তে তদন্ত চলছে।

ইউরোপের বিভিন্ন দেশে সাম্প্রতিক সাইবার হামলা ও নাশকতার আশঙ্কার মধ্যেই নতুন এই হুমকি পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। তবে এর পেছনে কারা রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।