সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১১ নভেম্বর) পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৯৫টি প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ঢাকা মহানগরসহ দেশের ৩৮টি জেলায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। অধিদপ্তরের ৫৪টি টিম পাইকারি ও খুচরা পর্যায়ের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম চালায়।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, বাজারে পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধ করাই ছিল এ অভিযানের মূল লক্ষ্য।

অভিযানকালে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও সরবরাহ, সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি হচ্ছে কি না, তা যাচাই করা হয়।

এ ছাড়া গ্যাস সিলিন্ডারের মজুদ পরিস্থিতি, নিরাপত্তাবিধি অনুসরণ এবং মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার বিক্রির বিষয়েও বিশেষ নজরদারি করা হয়। ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিকভাবে পণ্য মজুদ এবং সরবরাহে প্রতিবন্ধকতা তৈরি না করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির বিষয়ে সতর্ক করা হয়।

অভিযানে জনসচেতনতা বাড়াতে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা সহযোগিতা করেন।

অধিদপ্তর ভোক্তাদের পণ্য কেনার আগে মূল্যতালিকা, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য এবং মেয়াদ যাচাই করার পরামর্শ দিয়েছে। পাশাপাশি প্রতিটি কেনাকাটায় বিক্রেতার কাছ থেকে ভাউচার সংগ্রহ করতে বলা হয়েছে।

কোনো পণ্য কিনতে গিয়ে অতিরিক্ত দাম আদায় বা প্রতারণার শিকার হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানাতে পারবেন ভোক্তারা।

বাজারে ন্যায্যমূল্য ও পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।