২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তক মুদ্রণে সরকারের অতিরিক্ত ২৩ কোটি ৬৭ লাখ টাকা ব্যয় হচ্ছে। ৯৪টি লটে মোট ৩ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৭৯২ কপি বইয়ের বর্ধিত ফর্মা মুদ্রণের কারণে এ ব্যয় বাড়ছে। এতে বই ছাপার মোট চুক্তিমূল্য বেড়ে দাঁড়াচ্ছে ২১০ কোটি ৭৮ লাখ টাকায়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তক মুদ্রণের জন্য মোট ৯৮টি লট করা হয়েছিল। এর মধ্যে ৯৪টি লটের বইয়ের বর্ধিত ফর্মা মুদ্রণের জন্য ভেরিয়েশন প্রস্তাব করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, এসব বই মুদ্রণের জন্য মূল চুক্তিমূল্য নির্ধারিত ছিল ১৮৭ কোটি ১০ লাখ ৯১ হাজার ৭৬৪ টাকা। তবে বর্ধিত ফর্মা মুদ্রণের কারণে এর সঙ্গে নতুন করে যুক্ত হচ্ছে ২৩ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার ৪৬৪ টাকা।

ফলে সংশোধিত চুক্তিমূল্য দাঁড়াচ্ছে ২১০ কোটি ৭৮ লাখ ৬০ হাজার ২২৮ টাকা। অর্থাৎ মূল চুক্তিমূল্যের তুলনায় ব্যয় বাড়ছে প্রায় ১২ দশমিক ৬৫ শতাংশ।

প্রস্তাবে বলা হয়েছে, ৯৪টি লটের আওতায় মোট ৩ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৭৯২ কপি পাঠ্যপুস্তকের বর্ধিত ফর্মা মুদ্রণ করতে হবে। এ কাজের জন্য বিভিন্ন মুদ্রণ প্রতিষ্ঠানকে সুপারিশকৃত দরদাতা হিসেবে বিবেচনা করা হয়েছে।

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটি পর্যালোচনা শেষে অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।

এর ফলে নতুন শিক্ষাবর্ষে চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যবই মুদ্রণের ক্ষেত্রে সরকারের ব্যয় উল্লেখযোগ্য পরিমাণে বাড়ছে। বর্ধিত ফর্মা মুদ্রণের প্রয়োজনীয়তার কারণেই মূল চুক্তির বাইরে অতিরিক্ত অর্থ ব্যয়ের এই প্রস্তাব করা হয়েছে।