দেশের জ্বালানি চাহিদা পূরণে জাপান ও সংযুক্ত আরব আমিরাতসহ একাধিক দেশের প্রতিষ্ঠান থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে পবিত্র রমজান উপলক্ষে ৬ হাজার ২০০ মেট্রিক টন খেজুর আমদানির প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে জাপানের প্রতিষ্ঠান জেরা গ্লোবাল মার্কেটস পিটিই লিমিটেড এবং সংযুক্ত আরব আমিরাতের এডনক ট্রেডিং লিমিটেডের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, এডনক ট্রেডিং ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত বাংলাদেশে এলএনজি সরবরাহ করতে পারে। এর মধ্যে ২০২৭ সালে ছয়টি, ২০২৮ সালে ছয় থেকে ১২টি এবং ২০২৯ সালে ১২টি কার্গো সরবরাহের প্রস্তাব রয়েছে। প্রতিটি কার্গোর পরিমাণ হবে আনুমানিক ৩০ লাখ থেকে ৩৫ লাখ এমএমবিটিইউ। প্রস্তাবিত মূল্য প্রতি এমএমবিটিইউতে জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) মূল্যের সঙ্গে শূন্য দশমিক ১১ ডলার যোগ করে নির্ধারণের কথা বলা হয়েছে। তবে এ মূল্য এখনো চূড়ান্ত নয়।

এ ছাড়া নাইজেরিয়ার ওজিমাদু অ্যান্ড মারিটেস অয়েল মার্কেটিং নাইজেরিয়া লিমিটেড এবং উজ্জি জেমস বীহাইভের কাছ থেকেও সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি কেনার নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়েছে।

বৈঠকে পবিত্র রমজান ২০২৭ উপলক্ষে টিসিবির মাধ্যমে ৬ হাজার ২০০ মেট্রিক টন খেজুর আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এ জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রে দরপত্র প্রস্তুত ও দাখিলের সময়সীমা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপনে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণের প্রস্তাবেও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এ উদ্যোগের আওতায় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক কাভারেজ স্থাপন করা হবে।

মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিকল্প উৎস থেকে এলএনজি আমদানির উদ্যোগ নিয়েছে সরকার।