ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের সামরিক আগ্রাসনের জবাব অত্যন্ত কঠোর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) প্রধান আহমেদ ভাহিদি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইরানের পাল্টা আঘাত হবে ‘বিধ্বংসী ও যন্ত্রণাদায়ক’।

শুক্রবার (১৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দেওয়া এক বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

আহমেদ ভাহিদি বলেন, ‘আমাদের জবাব হবে বিধ্বংসী ও যন্ত্রণাদায়ক। শত্রুরা বারবার যে পরাজয়ের মুখে পড়েছে, সেখান থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত। অন্যথায় তাদের আরও বড় শিক্ষা দেওয়া হবে।’

সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার রাতে ইরানের হরমুজগান প্রদেশের সিরিক এলাকায় একটি টেলিযোগাযোগ টাওয়ার লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর পাল্টা জবাবে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর একটি আগাম সতর্কবার্তা প্রদানকারী রাডার লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে ইরান।

এ হামলা ও পাল্টা হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নতুন করে কঠোর অবস্থানের কথা জানালেন আইআরজিসি প্রধান।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আইআরজিসির সাবেক প্রধান নিহত হওয়ার পর আহমেদ ভাহিদি দায়িত্ব গ্রহণ করেন। তিনি ইরানের সামরিক নেতৃত্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন।

বর্তমান পরিস্থিতিতে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও আঞ্চলিক স্থিতিশীলতার ওপর কী প্রভাব ফেলে, তা নিয়ে পর্যবেক্ষকদের মধ্যে উদ্বেগ রয়েছে।