রোববার (১৫ নভেম্বর) শাহনাজ খুশির জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করেন চঞ্চল। সেখানে বন্ধুর উদ্দেশে তিনি লেখেন, যতদিন তারা মন খুলে ঝগড়া ও মারামারি করতে পারবেন, ততদিন নিজেদের সুস্থ মনে করবেন।
চঞ্চল আরও লেখেন, এখন তাদের বয়সে সব স্বপ্নই সন্তানদের ঘিরে। সন্তানরা নিজেদের পায়ে দাঁড়াতে পারলেই তাদের শান্তি। বন্ধুর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে তিনি বলেন, আমৃত্যু ঝগড়া করেই সুস্থ থাকতে চান তারা।
তবে চঞ্চল জানিয়েছেন, শুভেচ্ছাবার্তায় ব্যবহার করা লেখাটি কয়েক বছর আগের। ব্যস্ততার কারণে দীর্ঘদিন ধরে দুজনের মন খুলে আড্ডা কিংবা ঝগড়াও হচ্ছে না। তবু দূরত্ব থাকলেও বন্ধুর ভালো থাকা ও সুস্থতা কামনা করেছেন তিনি।
পাবনার একই এলাকার বাসিন্দা চঞ্চল ও খুশির পরিচয় অভিনয়ের জগতে। সেখান থেকেই গড়ে ওঠে তাদের দীর্ঘদিনের বন্ধুত্ব।
প্রায় তিন দশকের অভিনয়জীবনে ‘সাকিন সারিসুরি’, ‘হারকিপ্টে’ ও ‘হ্যাপি ফ্যামিলি’সহ অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন শাহনাজ খুশি। ব্যক্তিজীবনে তিনি নাট্যকার ও অভিনেতা বৃন্দাবন দাসের স্ত্রী। তাদের দুই ছেলে দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতিও অভিনয়ের সঙ্গে যুক্ত।


মন্তব্য করুন