কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন ঘিরে ভক্তদের জন্য থাকছে বিশেষ আয়োজন। জন্মদিনের আগেই উপহার হিসেবে স্বর্ণের গিটার পেলেন এই শিল্পী। চ্যানেল আইয়ের বিশেষ অনুষ্ঠান ‘রুনা মহল’-এ তাকে এই উপহার দেওয়া হয়।

আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) রুনা লায়লার জন্মদিন। এ উপলক্ষে চ্যানেল আই আয়োজন করেছে ব্যতিক্রমী অনুষ্ঠান ‘রুনা মহল’। অনুষ্ঠানে শিল্পীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে স্বর্ণের গিটার উপহার দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর। বিশেষ উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন রুনা লায়লা।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অভিনেতা আফজাল হোসেন। এতে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর, চিত্রশিল্পী রফিকুন নবী এবং সংগীতশিল্পী আঁখি আলমগীর।

‘রুনা মহল’ অনুষ্ঠানে উঠে আসবে শিল্পীর দীর্ঘ সংগীতজীবনের নানা অজানা গল্প, স্মৃতি ও উল্লেখযোগ্য অধ্যায়। আগামী ১৭ নভেম্বর রাত ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে অনুষ্ঠানটি। এটি পরিচালনা করেছেন আরিফ খান এবং প্রযোজনা করেছেন অনন্যা রুমা।

বাংলা চলচ্চিত্রের কয়েক হাজার গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা। চলচ্চিত্রের গান ছাড়াও দেশাত্মবোধক ও বিভিন্ন ধারার সংগীতে রয়েছে তার অসামান্য অবদান। দীর্ঘ সংগীতজীবনে নিজস্ব কণ্ঠশৈলী ও গায়কিতে তিনি জয় করেছেন অসংখ্য শ্রোতার হৃদয়।