চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক আত্মবিশ্বাসের সমালোচনা করে ঐতিহাসিক এক রোমান সেনাপতির পরাজয়ের ঘটনা তুলে ধরেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। অতীতের ভুল থেকে শিক্ষা না নিলে একই পরিণতির পুনরাবৃত্তি হতে পারে বলেও ওয়াশিংটনকে সতর্ক করেছেন তিনি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি রোমান এক সেনাপতির সামরিক অভিযানের প্রসঙ্গ তুলে ধরেন।

পোস্টে তিনি লেখেন, ‘তলোয়ারধারীদের কাছে আইন উদ্ধৃত করবেন না’—এ কথাটি বলেছিলেন এক রোমান সেনাপতি। সংখ্যাগতভাবে এগিয়ে থাকা সত্ত্বেও তার শেষ সামরিক অভিযান চূড়ান্ত পরাজয়ে শেষ হয়েছিল। যুদ্ধক্ষেত্র থেকে পালানোর পর তার শিরশ্ছেদ করা হয়।

এরপর আরাঘচি লেখেন, ‘যারা অতীতকে মনে রাখতে পারে না, তারা একই ভুলের পুনরাবৃত্তি করতে বাধ্য।’

মূলত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাম্প্রতিক বক্তব্যের জবাবেই এমন মন্তব্য করেছেন ইরানের এই শীর্ষ কূটনীতিক।

চলতি সপ্তাহের শুরুতে ফেডারেলিস্ট সোসাইটির ন্যাশনাল লইয়ার্স কনভেনশনে বক্তব্য দেন রুবিও। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সমালোচনা করতে গিয়ে তিনি ‘তলোয়ারধারীদের কাছে আইন উদ্ধৃত করা বন্ধ করুন’—এমন একটি বক্তব্য তুলে ধরেন।

রুবিওর সেই বক্তব্যের পাল্টা জবাবে রোমান সেনাপতির পরাজয়ের ইতিহাস সামনে আনেন আরাঘচি। এর মাধ্যমে সামরিক শক্তিতে এগিয়ে থাকলেই যুদ্ধে চূড়ান্ত বিজয় নিশ্চিত হয় না—এমন বার্তা দিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে আরাঘচির এই মন্তব্য দুই দেশের পাল্টাপাল্টি রাজনৈতিক ও কূটনৈতিক বক্তব্যের নতুন মাত্রা যোগ করেছে।