যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা বা ‘ডার্টি বোমা’ দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান—এমন আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। হামলার সম্ভাব্য লক্ষ্য হিসেবে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের কথা উঠে এসেছে। তবে ইরান এ ধরনের হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে সাতজন মার্কিন কর্মকর্তার বরাতে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা তথ্য অনুযায়ী, সম্ভাব্য হামলার স্থান ও লক্ষ্য সম্পর্কে সুনির্দিষ্ট কিছু তথ্য পাওয়া গেছে। বিষয়টি নিয়ে গত এক সপ্তাহে একাধিক বৈঠকও করেছেন মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা।
হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সম্ভাব্য সব ধরনের হুমকির ওপর নজর রাখছে। তবে এই মুহূর্তে দেশের অভ্যন্তরে বিশ্বাসযোগ্য কোনো হুমকি নেই।
মঙ্গলবার এ বিষয়ে প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান ওয়াশিংটনে হামলা চালালে তাদের এমন মূল্য দিতে হবে, যা আগে কোনো দেশকে দিতে হয়নি। তিনি আরও জানান, প্রশাসন বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের ভেতরে আগে থেকেই অবস্থানরত ব্যক্তিদের ব্যবহার করে হামলার চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করছেন গোয়েন্দারা। এমনকি দেশটির পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে বোমা তৈরির সরঞ্জাম লুকিয়ে রাখার দাবিসংবলিত কিছু গোপন বার্তা শনাক্তের কথাও জানিয়েছেন একটি সূত্র। তবে এসব তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে।
‘ডার্টি বোমা’ পারমাণবিক বোমা নয়। সাধারণ বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ যুক্ত করে এটি তৈরি করা হয়। বিস্ফোরণের মাধ্যমে তেজস্ক্রিয়তা ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি এবং নির্দিষ্ট এলাকা দূষিত করাই এর অন্যতম উদ্দেশ্য।
অন্যদিকে ইরানের জাতিসংঘ মিশন রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, যেকোনো পরিস্থিতিতেই রাসায়নিক অস্ত্রের ব্যবহার অবৈধ। তেহরান এসব অভিযোগকে মিথ্যা ও বানোয়াট বলে অভিহিত করেছে।
এদিকে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের বিরুদ্ধেও রাসায়নিক অস্ত্র ব্যবহারের আশঙ্কা করছে ওয়াশিংটন। এ পরিস্থিতিতে ওই অঞ্চলে কর্মরত কূটনৈতিক ও গোয়েন্দা কর্মকর্তাদের সুরক্ষায় প্রয়োজনীয় সরঞ্জাম ও প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়ার উদ্যোগ চলছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক সংঘাত, হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা এবং কূটনৈতিক আলোচনা অনিশ্চয়তার মধ্যে থাকায় নতুন এই গোয়েন্দা তথ্য দুই দেশের সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়িয়েছে।

মন্তব্য করুন