রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিজের বন্ধু হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে দুই নেতার দ্বিপক্ষীয় বৈঠকের শুরুতে এমন মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত এ বৈঠকে দুই নেতার আন্তরিক কথাবার্তা ও করমর্দনের দৃশ্য নজর কেড়েছে।

বৈঠকের শুরুতে পুতিনকে স্বাগত জানিয়ে ট্রাম্প বলেন, তাদের মধ্যে বহু বছর ধরে ভালো সম্পর্ক রয়েছে। তারা দীর্ঘদিন ধরে একে অপরকে চেনেন। এ বৈঠকের মাধ্যমে বেশ কিছু ইতিবাচক উদ্যোগের সূচনা হতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট।

হোয়াইট হাউস প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বৈঠকের শুরুতে ট্রাম্প ও পুতিন পরস্পরের সঙ্গে করমর্দন করছেন। এ সময় ট্রাম্পকে পুতিনের কানে কানে কিছু বলতে দেখা যায়।

এ ছাড়া হোয়াইট হাউসের র‍্যাপিড রেসপন্স অ্যাকাউন্ট থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত আরেকটি ভিডিওতে পুতিনের দিকে ইঙ্গিত করে ট্রাম্পকে বলতে শোনা যায়, ‘তিনি আমার বন্ধু।’

এদিকে এপেক সম্মেলনকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ কূটনৈতিক তৎপরতা চলছে। সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অংশগ্রহণে একটি ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

বিশ্বের তিন প্রভাবশালী নেতার সম্ভাব্য এই বৈঠক ঘিরে আন্তর্জাতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে তিন দেশের পারস্পরিক সম্পর্ক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে তাদের আলোচনার বিষয়বস্তু নিয়ে কূটনৈতিক মহলে কৌতূহল রয়েছে।