সিলেট নগরের চালিবন্দর এলাকায় দাঁড়িয়ে থাকা চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সিলেট সরকারি আইন মহাবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আগুনে তিনটি বাসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্য একটি বাস আংশিক পুড়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত বাসগুলো সিলেট-তামাবিল সড়কে চলাচল করত। ভোরে বাসগুলোতে আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) আফজাল হোসেন বাসে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কারা এবং কী কারণে বাসগুলোতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ঘটনাটিকে নাশকতা বলে ধারণা করছে পুলিশ।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ জন্য ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

সিলেট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।