রাজধানীর সড়কে শব্দদূষণ ও যানবাহনে অনুমোদনহীন হুটার, বিকন লাইট এবং হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী ১ ডিসেম্বর থেকে এসব সরঞ্জাম ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করবে পুলিশ। অভিযানে অবৈধ সরঞ্জাম জব্দের পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযান শুরুর আগে যানবাহনের মালিক ও চালকদের নিজ উদ্যোগে এসব অননুমোদিত সরঞ্জাম খুলে ফেলার অনুরোধ জানিয়েছে ডিএমপি। ১ ডিসেম্বরের পর কোনো যানবাহনে এগুলো ব্যবহার করতে দেখা গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন বলেন, রাজধানীতে যানবাহনের হাইড্রোলিক হর্নের বিকট শব্দ পথচারী ও নগরবাসীর জন্য উদ্বেগজনক হয়ে উঠেছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা অতিরিক্ত শব্দের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কিছু যানবাহনে এসব হর্ন ব্যবহার করা হচ্ছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান জানান, ১ ডিসেম্বর থেকে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হবে। যেসব যানবাহনে অনুমোদনহীন হুটার, বিকন লাইট ও হাইড্রোলিক হর্ন পাওয়া যাবে, সেগুলো জব্দ করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন, বাস ও ট্রাকের পাশাপাশি কিছু ব্যক্তিগত জিপগাড়িতেও এসব সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। অনেক যানবাহনে অনুমোদনহীন সাজসজ্জার সরঞ্জাম ও সাইলেন্সার সংযোজন করা হয়েছে। এসব কারণে সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।
সড়ক পরিবহণ বিধি অনুযায়ী, অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপণকারী যান, উদ্ধারকাজে ব্যবহৃত বিশেষ মোটরযান এবং রাষ্ট্রীয় জরুরি কাজে নিয়োজিত যানবাহন বিশেষ হর্ন বা হুটার ব্যবহারের অনুমতি পায়। এর বাইরে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, বাস ও ট্রাকসহ অন্যান্য যানবাহনে উচ্চ শব্দ সৃষ্টিকারী হর্ন ব্যবহার নিষিদ্ধ।
শব্দদূষণের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুল কাদের বলেন, উচ্চ শব্দের হাইড্রোলিক হর্ন শ্রবণশক্তির ক্ষতি করতে পারে। পাশাপাশি মানসিক চাপ, অনিদ্রা, মাথাব্যথা ও উচ্চ রক্তচাপের ঝুঁকিও বাড়ায়। শিশু, বয়স্ক, হৃদরোগী ও অসুস্থ ব্যক্তিরা এতে বেশি ক্ষতিগ্রস্ত হন।
শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী, নীরব এলাকায় দিনে সর্বোচ্চ ৫০ ও রাতে ৪০ ডেসিবেল শব্দের সীমা নির্ধারণ করা হয়েছে। আবাসিক এলাকায় দিনে ৫৫ ও রাতে ৪৫ ডেসিবেল এবং বাণিজ্যিক এলাকায় দিনে ৭০ ও রাতে ৬০ ডেসিবেল পর্যন্ত শব্দ অনুমোদিত।
এ ছাড়া কোনো মোটরযান অনুমোদিত শব্দসীমা অতিক্রম করলে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। নিষিদ্ধ হাইড্রোলিক ও মাল্টি-টোন হর্ন আমদানি, বিক্রি বা বাজারজাত করার ক্ষেত্রেও শাস্তির বিধান রয়েছে।
অন্যদিকে, অটোরিকশা ও একই ধরনের যানবাহনের অতিরিক্ত শব্দ নিয়েও উদ্বেগ জানিয়েছে ডিএমপি। এসব যানবাহনের নিবন্ধন কার্যক্রম শেষ হলে সেগুলোর বিরুদ্ধেও অভিযান চালানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
ডিএমপির আশা, এই অভিযান বাস্তবায়িত হলে রাজধানীর সড়কে অপ্রয়োজনীয় হর্নের ব্যবহার, শব্দদূষণ এবং অনুমোদনহীন বিকন লাইট ব্যবহারের প্রবণতা কমবে।

মন্তব্য করুন