যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সাইবার ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন পেন্টাগনের প্রধান তথ্য কর্মকর্তা (সিআইও) কার্স্টেন ডেভিস। তিনি শন কেয়ার্নক্রসের স্থলাভিষিক্ত হচ্ছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কার্স্টেন ডেভিস এ দায়িত্ব পাওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, স্টিফেন মিলার এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে ধন্যবাদ জানান।

ডেভিস বলেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে সাইবার অঙ্গনে আধিপত্য বিস্তারের সুযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের। তবে এ লক্ষ্য অর্জনে দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোর আধুনিকায়ন এবং সাইবার নিরাপত্তা ব্যবস্থার সক্ষমতা ও সহনশীলতা বাড়াতে হবে।

এদিকে নতুন দায়িত্ব পাওয়ায় ডেভিসকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

এর কিছুক্ষণ আগেই দেশটির বিদায়ী সাইবার নিরাপত্তা প্রধান শন কেয়ার্নক্রসের পদত্যাগের খবর প্রকাশিত হয়।