জাতিসংঘের ই-গভর্নমেন্ট উন্নয়ন সূচকে (ইজিডিআই) উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। ২০২৬ সালের বৈশ্বিক মূল্যায়নে তিন ধাপ এগিয়ে ১৯৪টি দেশের মধ্যে ৯৭তম অবস্থানে উঠে এসেছে দেশটি। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো দুই অঙ্কের র‍্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ই-গভর্নমেন্ট সূচকে দেশের ইতিহাসে সর্বোচ্চ স্কোর অর্জিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘের ‘ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স (ইজিডিআই) ২০২৬’-এ বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে ০.৬৮৯৩। এর মাধ্যমে ‘উচ্চ ইজিডিআই’ শ্রেণিতে নিজেদের অবস্থান ধরে রেখেছে দেশটি। এর আগে ২০২৪ সালের মূল্যায়নে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, সূচকটির দুটি গুরুত্বপূর্ণ উপাদানেও এবার সর্বোচ্চ স্কোর অর্জন করেছে বাংলাদেশ। এর মধ্যে অনলাইন সার্ভিস ইনডেক্সে (ওএসআই) স্কোর হয়েছে ০.৮১ এবং টেলিকমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার ইনডেক্সে (টিআইআই) স্কোর দাঁড়িয়েছে ০.৬৯।

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ (ইউএন ডেসা) প্রতি দুই বছর পরপর ই-গভর্নমেন্ট উন্নয়ন সূচকের প্রতিবেদন প্রকাশ করে। সরকারি সেবা প্রদানে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের প্রস্তুতি, সক্ষমতা ও অগ্রগতি মূল্যায়ন করা হয় এই সূচকের মাধ্যমে।

এতে অনলাইন সেবা, টেলিযোগাযোগ অবকাঠামো এবং মানবসম্পদ উন্নয়ন—এই তিনটি বিষয় বিবেচনায় নেওয়া হয়।

২০২৬ সালের জরিপে বৈশ্বিক গড় ইজিডিআই স্কোর বেড়ে ০.৬৬৭৫ হয়েছে। ২০২৪ সালে এই স্কোর ছিল ০.৬৩৮২। অর্থাৎ বাংলাদেশের অর্জিত স্কোর এবার বৈশ্বিক গড়ের চেয়েও বেশি।

এবারের মূল্যায়নে বিশ্বের ১৯৪টি দেশের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। অন্যদিকে, উচ্চ ও অতি উচ্চ ই-গভর্নমেন্ট উন্নয়ন শ্রেণিতে থাকা দেশের সংখ্যা বেড়ে ১৫১টিতে দাঁড়িয়েছে, যা ২০২৪ সালে ছিল ১৩৮টি।

বিশ্লেষকদের মতে, এই অগ্রগতি বাংলাদেশের ডিজিটাল সরকারি সেবা ও টেলিযোগাযোগ অবকাঠামোর উন্নয়নের ইতিবাচক চিত্র তুলে ধরছে। তবে এ অর্জন ধরে রাখতে সেবার মান, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং প্রযুক্তিগত সক্ষমতা আরও বাড়ানো জরুরি।