গোপালগঞ্জের চলমান রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তাঝুঁকির কারণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) সব ধরনের ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ২২ নভেম্বর (রোববার) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের সব অ্যাকাডেমিক কার্যক্রম।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের সচিব মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৭ নভেম্বর অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ষষ্ঠ জরুরি সভার সিদ্ধান্ত এবং গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয় পুরোপুরি বন্ধ হচ্ছে না। উপাচার্য অধ্যাপক ড. সোহেল হাসান জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও অন্যান্য স্বাভাবিক কার্যক্রম চালু থাকবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তের পেছনে রয়েছে সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার ঘটনা। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল ও স্লোগান দেন।

শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, দুপুর ২টার দিকে মিছিল নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে যান। সেখানে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন এবং বিভিন্ন দপ্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি পুনঃস্থাপনের দাবিতে স্লোগান দেন। সাত কর্মদিবসের মধ্যে দাবি পূরণ না হলে নিজেরাই তা বাস্তবায়নের হুঁশিয়ারিও দেন তারা।

এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লেখা একটি সাইনবোর্ডও ঝুলিয়ে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

এদিকে আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দেশীয় অস্ত্র নিয়ে কয়েকটি মিছিলের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মিছিলকারীদের হাতে রামদা, চাইনিজ কুড়াল ও লাঠিসোঁটাসহ বিভিন্ন অস্ত্র দেখা গেছে। এতে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ পরিস্থিতিতে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয় এলাকায় আনসার সদস্য ছাড়া অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়নি বলেও জানা গেছে।

উপাচার্য অধ্যাপক ড. সোহেল হাসান বলেন, শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না বলে জানানো হয়েছে। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবে ক্লাস ও পরীক্ষা চালানো ঝুঁকিপূর্ণ।

তিনি আরও বলেন, ক্যাম্পাসে মিছিলের ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক, তা প্রশাসন চায় না। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অ্যাকাডেমিক কার্যক্রম স্থগিত থাকবে।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা রাখার সিদ্ধান্ত থাকলেও বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের হলে অবস্থান না করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। উপাচার্যের মতে, সংঘাত এড়াতে শিক্ষার্থীদের আপাতত ক্যাম্পাসের বাইরে নিরাপদ স্থানে থাকাই ভালো।

পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী নির্দেশনার মাধ্যমে ক্লাস ও পরীক্ষা চালুর বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।