প্রবল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাজধানী ঢাকায় বৃষ্টির দাপট অব্যাহত রয়েছে। গতকাল থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বদলে গেছে নগরীর চিরচেনা দৃশ্যপট। আকাশজুড়ে ঘন মেঘ, সড়কে বৃষ্টির পানি আর শীতল বাতাসে তৈরি হয়েছে শীতের আগমনী আবহ। মেঘের ঘনঘটায় শুক্রবার (২০ নভেম্বর) দুপুরেই যেন সন্ধ্যা নেমে আসে রাজধানীতে।
বৃষ্টির কারণে দিনের আলো অনেকটাই ম্লান হয়ে যায়। নগরীর বিভিন্ন সড়কে ছাতা মাথায় গন্তব্যের উদ্দেশে ছুটতে দেখা যায় পথচারীদের। কোথাও গুঁড়ি গুঁড়ি, আবার কোথাও মাঝারি বৃষ্টিতে ভিজেছে রাজধানীর বিভিন্ন এলাকা।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দুপুর ১টা থেকে পরবর্তী ছয় ঘণ্টা ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বৃষ্টির পাশাপাশি বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
পূর্ব ও উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে, সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে আবহাওয়ার এমন পরিবর্তনে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা বেড়েছে। আবহাওয়া পরিস্থিতির কারণে বাইরে চলাচলের সময় নগরবাসীকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।

মন্তব্য করুন