https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহিকে ঘিরে নতুন করে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মরক্কো জাতীয় ফুটবল দলের তারকা আশরাফ হাকিমি। তবে এখন পর্যন্ত দুজনের কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
এই গুঞ্জনের শুরু ২০২৫ সালে আফ্রিকা কাপ অব নেশনস চলাকালে। সে সময় মরক্কোর একটি ম্যাচে উপস্থিত ছিলেন নোরা ফাতেহি। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন বিনোদনভিত্তিক মাধ্যমে দাবি ওঠে, তিনি নাকি এক মরক্কান ফুটবলারের বিশেষ আমন্ত্রণেই মাঠে গিয়েছিলেন। পরে সেই ফুটবলারের নাম হিসেবে আলোচনায় আসে আশরাফ হাকিমি।
পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে আরও কিছু ঘটনার কারণে জল্পনা বাড়তে থাকে। ভক্তদের দাবি, হাকিমি নোরার কয়েকটি পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য বা প্রমাণ প্রকাশ হয়নি।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ব্রাজিল ও মরক্কোর বিশ্বকাপ ম্যাচেও উপস্থিত ছিলেন নোরা। পুরো ম্যাচজুড়ে মরক্কো দলকে সমর্থন জানিয়ে তিনি একাধিক ভিডিও ও ছবি শেয়ার করেন। মরক্কোর গোলের পর উচ্ছ্বাস প্রকাশ করেন, আবার প্রতিপক্ষের গোলেও হতাশার প্রতিক্রিয়া জানান। এতে নতুন করে শুরু হয় আলোচনা।
তবে এখন পর্যন্ত নোরা ফাতেহি ও আশরাফ হাকিমিকে একসঙ্গে কোনো অনুষ্ঠানে দেখা যায়নি। তাদের কোনো যৌথ ছবি, ব্যক্তিগত সফর কিংবা সম্পর্কের বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্যও প্রকাশ পায়নি। ফলে প্রেমের বিষয়টি এখনো শুধুই গুঞ্জনের পর্যায়ে রয়েছে।
আশরাফ হাকিমি ২০২০ সালে অভিনেত্রী হিবা আবুককে বিয়ে করেন। পরে ২০২৩ সালে তাদের বিচ্ছেদ হয়। তাদের দুটি সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও সন্তানদের যৌথভাবে দেখভালের সিদ্ধান্ত নিয়েছেন তারা।
অন্যদিকে, কানাডায় জন্ম হলেও নোরা ফাতেহির পারিবারিক শিকড় মরক্কোয়। তাই মরক্কো জাতীয় দলের প্রতি তার সমর্থনকে অনেকেই স্বাভাবিক হিসেবেই দেখছেন।