https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচেই নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে রেকর্ড চেজের মাধ্যমে জয় তুলে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
বার্মিংহামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাট করে নেদারল্যান্ডস ৮ উইকেটে ১৩৯ রান করে। জবাবে বাংলাদেশ ১৯.১ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।
জয়ের নায়িকা হন জুয়াইরিয়া ফেরদৌস। ৩৩ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫০ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ওপেনিংয়ে ৬৭ রানের জুটি গড়ে দলকে ভালো সূচনা এনে দেন জুয়াইরিয়া।
ইনিংসের মাঝপথে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। একে একে আউট হন অধিনায়ক নিগার সুলতানা (০), দিলারা আক্তার (২৬) ও সোবহানা মোস্তারি (৪)। তবে শেষ দিকে শারমিন আক্তার ও স্বর্ণা আক্তারের অপরাজিত ৫৬ রানের জুটি দলকে জয় নিশ্চিত করে।
এর আগে নেদারল্যান্ডসের হয়ে বেবেটে ডি লিড ৫০ রানের ইনিংস খেলেন। বাংলাদেশের হয়ে বল হাতে ২ উইকেট নেন মারুফা আক্তার। একটি করে উইকেট পান ফারিহা তৃষা, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খাতুন ও রিতু মনি।