ঢাকা
২৮ আগস্ট ২০২৬

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, চার কিলোমিটার যানজট

জেলা প্রতিনিধি
শুক্রবার, ১৯ জুন ২০২৬   ২২ বার পঠিত
গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, চার কিলোমিটার যানজট

ছবি: -সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়েন শত শত যাত্রী।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার এমসি বাজার এলাকায় অবস্থিত তালহা স্পিনিং লিমিটেডের শ্রমিকরা মহাসড়কের দুটি লেন দখল করে অবস্থান নেন। শ্রমিকদের অভিযোগ, গত মে মাসের বেতন এখনো পরিশোধ করা হয়নি। একাধিকবার আশ্বাস দিলেও কারখানা কর্তৃপক্ষ নির্ধারিত সময়ে বেতন দেয়নি।

বেতন পরিশোধে অনিশ্চয়তা দেখা দেওয়ায় শ্রমিকরা প্রথমে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। পরে তারা মহাসড়কে নেমে অবরোধ কর্মসূচি পালন করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।

শ্রমিকরা জানান, বকেয়া বেতন পরিশোধ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। তাদের দাবি, শ্রমিকদের ন্যায্য পাওনা দ্রুত পরিশোধ করে সংকটের সমাধান করতে হবে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকরা মহাসড়কে অবস্থান করছিলেন এবং যান চলাচল স্বাভাবিক হয়নি।