ঢাকা
২৮ আগস্ট ২০২৬

ছাগল উদ্ধার করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু বাবা-ছেলেসহ চারজনের

জেলা প্রতিনিধি
শনিবার, ২০ জুন ২০২৬   ১৭ বার পঠিত
ছাগল উদ্ধার করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু বাবা-ছেলেসহ চারজনের

ছবি: -সংগৃহীত

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকির জলই এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন টেলকির জলই গ্রামের বাবুল হাদিমা, তার শিশু ছেলে নেইমার ম্রং, রতন নকরেক ও গাবরিয়েল নকরেক।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে একটি ছাগল পরিত্যক্ত কূপে পড়ে গেলে সেটিকে উদ্ধারের জন্য প্রথমে গাবরিয়েল নকরেক কূপে নামেন। দীর্ঘ সময় পার হলেও তার কোনো সাড়া না পেয়ে উদ্বিগ্ন হয়ে একে একে আরও তিনজন কূপে নামেন। কিন্তু তারাও আর ওপরে ফিরে আসেননি।

পরে স্থানীয়রা বিষয়টি মধুপুর ফায়ার সার্ভিসকে জানালে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। দীর্ঘ চেষ্টার পর কূপের ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপের ভেতরে বিষাক্ত গ্যাসের উপস্থিতির কারণে তারা শ্বাসরোধে মারা যেতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।