https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি নিয়ে ভারতের অবস্থান অব্যাহত থাকলে প্রয়োজনে সামরিক পদক্ষেপ নিতে পারে পাকিস্তান বলে সতর্ক করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
পাকিস্তানি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পানির নিরাপত্তা পাকিস্তানের জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ। যদি দেশটির পানি সরবরাহ ও জলসম্পদ গুরুতর হুমকির মুখে পড়ে বলে প্রমাণ পাওয়া যায়, তাহলে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার বিষয়টিও বিবেচনা করা হবে।
তবে খাজা আসিফ স্পষ্ট করেন, কেবলমাত্র নির্ভরযোগ্য প্রমাণের ভিত্তিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হবে। ভারতের কর্মকাণ্ডে সিন্ধু নদ ব্যবস্থার পানি প্রবাহ ব্যাহত হওয়ার বাস্তব ঝুঁকি দেখা দিলে পাকিস্তান প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
সিন্ধু নদ ও এর উপনদীগুলোর পানি বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধ রয়েছে। এই বিরোধ নিরসনে ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয় সিন্ধু পানিবণ্টন চুক্তি (ইন্ডাস ওয়াটার ট্রিটি)।
চুক্তি অনুযায়ী, পূর্বাঞ্চলের ইরাবতী, বিপাশা ও শতদ্রু নদীর পানি ব্যবহারের অধিকার পায় ভারত। অন্যদিকে পশ্চিমাঞ্চলের সিন্ধু, ঝিলাম ও চেনাব নদীর অধিকাংশ পানি ব্যবহারের অধিকার পায় পাকিস্তান।
তবে ২০২৫ সালে জম্মু-কাশ্মিরের পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার পর ভারত একতরফাভাবে চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। নয়াদিল্লি এখনো সেই সিদ্ধান্ত প্রত্যাহার না করায় দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।