চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এলাকায় একটি রাবার টায়ার্ড গ্যান্ট্রি (আরটিজি) ক্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার দুপুর আড়াইটার দিকে এনসিটির দক্ষিণ অংশের ৪ নম্বর বার্থে ক্রেনটিতে আগুন লাগে। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।
পরবর্তীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ নৌবাহিনীর অগ্নিনির্বাপণ ইউনিটও অভিযানে যোগ দেয়। সম্মিলিত প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত সচিব মো. নাসির উদ্দিন জানান, অগ্নিকাণ্ডের পরপরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বর্তমানে ওই এলাকার কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় কনটেইনার টার্মিনাল হিসেবে পরিচিত এনসিটি দেশের সামুদ্রিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই টার্মিনালে একসঙ্গে পাঁচটি জাহাজ নোঙর করতে পারে এবং বন্দরের মোট কনটেইনার হ্যান্ডলিংয়ের প্রায় অর্ধেক এখানেই সম্পন্ন হয়।