কাতারের রাস লাফান শিল্পনগরীতে ভয়াবহ গ্যাস কারখানা বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন এবং আরও ৬৬ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ভারতীয় ও পাকিস্তানি নাগরিকরা রয়েছেন বলে জানিয়েছে দেশটির জ্বালানি কর্তৃপক্ষ।

সোমবার এক সংবাদ সম্মেলনে কাতার এনার্জির প্রধান নির্বাহী জানান, রোববার সন্ধ্যায় বারজান গ্যাস সরবরাহ কেন্দ্রে কাজ শুরুর সময় এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, নেপাল, তানজানিয়া, কেনিয়া, নাইজেরিয়া ও অন্যান্য দেশের শ্রমিক রয়েছেন বলে জানা গেছে।

ঘটনার পরপরই জরুরি সেবা সংস্থাগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

দোহায় অবস্থিত ভারতীয় দূতাবাস নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছে এবং আহতদের চিকিৎসা সহায়তায় হেল্পলাইন চালু করেছে।