বাংলাদেশ ২০২৪-২৫ অর্থবছরে ইতিহাসে সর্বোচ্চ ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স অর্জন করেছে, যা দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
মঙ্গলবার জাতীয় সংসদের ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশনের চতুর্দশ বৈঠকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার এক প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, একক দেশ হিসেবে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে যুক্তরাষ্ট্র থেকে, যেখানে প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছেন ৪ দশমিক ৭৩ বিলিয়ন ডলার। এটি মোট রেমিট্যান্সের প্রায় ১৫ দশমিক ৬ শতাংশ।
দ্বিতীয় অবস্থানে রয়েছে সৌদি আরব, যেখান থেকে এসেছে ৪ দশমিক ২৬ বিলিয়ন ডলার। তৃতীয় অবস্থানে থাকা সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে ৪ দশমিক ১৭ বিলিয়ন ডলার। এই তিন দেশ মিলেই এসেছে ১৩ দশমিক ১৬ বিলিয়ন ডলারের বেশি, যা মোট প্রবাসী আয়ের প্রায় ৪৩ শতাংশেরও বেশি।
চতুর্থ অবস্থানে রয়েছে যুক্তরাজ্য, যেখান থেকে এসেছে ৩ দশমিক ১৭ বিলিয়ন ডলার, আর পঞ্চম অবস্থানে মালয়েশিয়া থেকে এসেছে ২ দশমিক ৮০ বিলিয়ন ডলার।
আঞ্চলিক বিশ্লেষণে দেখা যায়, মধ্যপ্রাচ্যের দেশগুলোই এখনো রেমিট্যান্স প্রবাহের সবচেয়ে বড় উৎস। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত, কাতার ও বাহরাইন মিলিয়ে এসেছে প্রায় ১৩ দশমিক ৬৬ বিলিয়ন ডলার, যা মোট রেমিট্যান্সের প্রায় ৪৫ শতাংশ।
ইউরোপীয় দেশগুলোর মধ্যে ইতালি থেকে এসেছে ১ দশমিক ৬৫ বিলিয়ন ডলার। ফ্রান্স, গ্রিস, জার্মানি ও পর্তুগাল থেকেও উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স এসেছে।
এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, জাপান ও মালয়েশিয়া গুরুত্বপূর্ণ উৎস হিসেবে রয়েছে। পাশাপাশি কানাডা ও দক্ষিণ আফ্রিকার মতো দেশ থেকেও প্রবাসী আয় প্রবাহ অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন